চ্যাটবট বার্ডের ভুল উত্তরে অ্যালফাবেটের শেয়ারের মূল্য কমেছে ৯ শতাংশ

৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:০১  

সহজ প্রশ্নের নির্ভুল ও সুলিখিত উত্তরের জন্যই চ্যাটজিবিটি প্রশংসা পাচ্ছে। সেই প্রশংসায় ভাগ বসাতে এরইমধ্যে এই দৌড়ে শামিল হয় গুগল, মাইক্রোসফট ও বাইদুর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এ সপ্তাহেই নিজেদের এআই ‘বার্ড’ এর ঘোষণা দেন গুগল সিইও সুন্দর পিচাই।

গুগল টুইটারে একটি ছোট জিআইএফ ভিডিওর মাধ্যমে এ নিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করে। সেই বিজ্ঞাপনে প্রতিশ্রুতি দেয়া হয়, এটি জটিল বিষয়কে সহজ করে তুলতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এ বিজ্ঞাপনেই এক সহজ প্রশ্নের ভুল উত্তর দেয় গুগলের নতুন চ্যাটবট।

আর ওই ভুলে রাতারাতি গুগল পুঁজিবাজারে ১০০ বিলিয়ন ডলার খোয়ায়। এ ঘটনায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের মূল্য ৯ শতাংশ পর্যন্ত পড়ে যায়।

খবরে প্রকাশ, বিজ্ঞাপনে বার্ডের কাছে জানতে চাওয়া হয়, ‘আমি আমার ৯ বছর বয়সী সন্তানকে জেমস ওয়েব টেলিস্কোপের কী কী নতুন আবিষ্কার সম্পর্কে জানাতে পারি?’ উত্তরে বার্ড বেশ কিছু সুপারিশ দেয়। বলা হয়, এ টেলিস্কোপ প্রথমবারের মতো পৃথিবীর সৌরজগতের বাইরের কোনো গ্রহের ছবি তুলেছে। তবে এ তথ্য সঠিক নয়। ২০০৪ সালে ইউরোপিয়ান সাউদার্ন মানমন্দিরের ভেরি লার্জ টেলিস্কোপ (ভিএলটি) প্রথমবারের মতো এ ধরনের কিছু ছবি তোলে। বিষয়টি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিশ্চিত করেছে।

বুধবার সকালে গুগলে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বার্ড বিষয়কে কিছু তথ্য উপস্থাপন করে। তারা জানায়, তাদের সার্চ ইঞ্জিনের সঙ্গে এই প্রযুক্তি সংযুক্ত করা হবে। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত গুগলের সদর দপ্তর থেকে লাইভ স্ট্রিম শুরুর অল্প কিছুক্ষণ আগেই বিজ্ঞাপনে বার্ডের ভুল উত্তরের বিষয়টি প্রকাশ পায়। বার্তা সংস্থা রয়টার্স প্রথমবারের মতো এই ভুল উত্তর চিহ্নিত করে।